মহাসড়কে অবৈধ চালের হাট, ফুলবাড়ীতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী–দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা নিত্যদিনের চালের হাটবাজারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বিজ্ঞাপন
বিশেষ করে পৌর শহরের উর্বশী সিনেকমপ্লেক্সের সামনে সড়কের ওপর বসা এই হাটকে কেন্দ্র করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। অথচ সড়কের ওপরেই চাল বেচাকেনা চলায় পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহন—সবাইকে মারাত্মক ঝুঁকির মধ্যে চলতে হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও জানান তারা।
বিজ্ঞাপন
স্থানীয় পুস্তক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ওপর চালের হাট বসায় এলাকার যান চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বাস শ্রমিক আব্দুল খালেক বলেন, সড়কের জায়গা দখল হয়ে যাওয়ায় যানবাহন চলাচল আরও সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত হাট সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
তবে ব্যবসায়ীরা বলছেন, এটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী চাল বেচাকেনার স্থান। গোকুল গ্রামের ব্যবসায়ী জয়ন্ত কুমার জানান, সকালবেলা এখানে চালের পাইকারি-বিক্রি হয় এবং দুপুর ১২টার মধ্যে হাট শেষ হয়ে যায়। কম দামে চাল পাওয়া যায় বলেই ক্রেতারা এখানে বেশি আসেন।
বিজ্ঞাপন
আরেক ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, জীবিকার তাগিদে ঝুঁকি জেনেও তারা এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন জানান, বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সড়ক ও জনপথ অধিদপ্তর বাংলাদেশ-এর ফুলবাড়ী সড়ক উপ-বিভাগের উপ-প্রকৌশলী মো. আমানউল্লাহ আমান বলেন, সড়কের ওপর দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। পৌরসভা, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম বলেন, সড়ককে ঝুঁকিমুক্ত করতে দ্রুতই অবৈধ হাট সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধ বাজার বসায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।








