Logo

বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
২২ এপ্রিল, ২০২৬, ১৫:৩০
বারান্দায় রাখা ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় সংরক্ষণ করে রাখা ডিজেলভর্তি একটি ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে, শিশুটির বাবা তার ট্রাক্টরে (কাকড়া) ব্যবহারের জন্য আগেই ওই ডিজেল মজুত করে রেখেছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফ নামের ওই শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। নিহত আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবার একটি ট্রাক্টর রয়েছে। সেটির জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংক থেকে ডিজেল বের করে ওই কাটা ড্রামে করে বাড়ির বাড়ান্দায় রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে পরিবারের অগোচরে বাড়ির বারান্দায় রাখা সেই কাটা প্লাস্টিকের ড্রামের ভেতর পড়ে যায় শিশু আরাফ। ড্রামটিতে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল এবং সেটির মুখ খোলা অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ড্রামের ভেতর থেকে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, ডিজেলের ড্রামে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশুটি রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া বলেন, সকালে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD