অনুমতি না পেয়ে মাহফিল করতে পারলেন না মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণে প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। মাহফিল করতে না পেরে শেষ পর্যন্ত অলিরবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সদর দক্ষিণের অলিরবাজার এলাকায় তাহেরীর মাহফিল আয়োজনের কথা ছিল। তবে তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাহেরীকে ওই এলাকায় প্রবেশ করতে না দেওয়ার দাবিতে তারা প্রশাসনের কাছে আবেদন জানান।
পরিস্থিতি বিবেচনায় সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহফিল আয়োজন না করার জন্য আয়োজক কমিটিকে অনুরোধ করে। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
পরে বিকেল ৪টার দিকে তাহেরী ওই এলাকায় পৌঁছান। সেখানে মাহফিল করতে না পেরে সড়কের পাশে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে দুই থেকে চার মিনিট বক্তব্য দেন। এরপর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেনের অভিযোগ, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তাকে মাহফিল করতে দেননি। এ কারণে সড়কের পাশে দাঁড়িয়ে অল্প সময় বক্তব্য দিয়ে ফিরে যান তিনি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








