Logo

মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে উল্টে পড়ল বাস, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
বরিশাল
২৭ নভেম্বর, ২০২৬, ১৬:০৯
মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে উল্টে পড়ল বাস, আহত ১০
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে ঘর দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্ঘটনার সময় ঘরের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহত বাসযাত্রীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD