Logo

অন্তঃসত্ত্বাকে রামদার কোপ, কয়েক ঘণ্টা পর কন্যাসন্তান জন্ম

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ২২:১০
অন্তঃসত্ত্বাকে রামদার কোপ, কয়েক ঘণ্টা পর কন্যাসন্তান জন্ম
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারীর ওপর রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে পাশের আরেকটি ক্লিনিকের পরিচালক ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে। হামলায় ওই নারীর বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে অবস্থিত মায়ের হাসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মায়ের হাসি ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন পাশের সালেহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সালেহা বেগম (৪০) এবং তাঁর দুই ছেলে মারুফ আহমদ (২৫) ও মাসুম আহমেদের (২২) বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর স্বাভাবিক প্রসবের জন্য রুজিনা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী মায়ের হাসি ক্লিনিকে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসকের পরামর্শে হাঁটাহাঁটি করতে ক্লিনিকের সামনের রাস্তায় বের হলে পাশের সালেহা ক্লিনিকের পরিচালক সালেহা বেগম তাঁকে নিজেদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে সালেহা বেগম মায়ের হাসি ক্লিনিকের ভেতরে ঢুকে রোগী ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাঁর নির্দেশে দুই ছেলে মারুফ ও মাসুমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকটিতে হামলা চালান।

এ সময় মারুফ আহমদ ধারালো রামদা দিয়ে রুজিনা বেগমের মাথা লক্ষ্য করে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। আত্মরক্ষার জন্য বাম হাত দিয়ে আঘাত প্রতিহত করতে গেলে তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ক্লিনিকের জানালার কাচ ভাঙচুরের চেষ্টার কথাও জানিয়েছেন অভিযোগকারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন গিয়াস উদ্দিন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রুজিনা বেগম একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সরেজমিনে দেখা গেছে, তোয়াকুল বাজারে সালেহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং মায়ের হাসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পাশাপাশি অবস্থিত। প্রতিষ্ঠান দুটির পরিচালক সালেহা বেগম ও গিয়াস উদ্দিন আপন ভাইবোন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। ঘটনার দিন অন্তঃসত্ত্বা রুজিনা বেগমকে পাশের ক্লিনিকে ভর্তি হওয়ার প্রস্তাব দেওয়া এবং তাতে অসম্মতি জানানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সালেহা ক্লিনিকের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সালেহা ক্লিনিকে গেলে সালেহা বেগমের স্বামী তাঁর স্ত্রীর বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যা করার করে ফেলেন। এ বিষয়ে আমার স্ত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না।’ এ সময় সালেহা বেগমের এক ছেলেও সংবাদকর্মীদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ চেষ্টা করেও অভিযুক্ত সালেহা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

নিজের ক্লিনিক ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী গিয়াস উদ্দিন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD