টুঙ্গিপাড়া থানায় হামলায় ক্ষতি ২১ কোটি টাকা, আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোট ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জনের নাম উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
নাম উল্লেখ করা ২৬ আসামির মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। এ সময় তারা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। হামলায় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা গুরুতর আহত হন।
এজাহারের অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পাশাপাশি সরকারি যানবাহন, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।
মামলার বিবরণে অস্ত্রাগার থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।
এ ছাড়া লুট হওয়া সামগ্রীর তালিকায় রয়েছে আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি। পাশাপাশি একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলির তথ্য উল্লেখ করা হয়েছে।
পুলিশের মামলার বিবরণ অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা ছাড়াও দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, মামলার এজাহারে ৮ হাজার ২৬ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।








