Logo

গর্ভবতী নারীসহ জরুরি রোগীদের সেবায় কুড়িগ্রামে নৌ-অ্যাম্বুলেন্স

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২৬ নভেম্বর, ২০২৬, ২০:৪২
গর্ভবতী নারীসহ জরুরি রোগীদের সেবায় কুড়িগ্রামে নৌ-অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা সহজ করতে চালু করা হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স। নিজস্ব অর্থায়নে তৈরি এ বিশেষ নৌযানটি অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালগামী সড়কের ঘাটে পৌঁছে দেবে। এতে গর্ভবতী নারীসহ গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নৌ-অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। উদ্বোধনের সময় তিনি সেবাটি নিয়মিত চালু রাখার আশ্বাস দেন।

সরেজমিনে দেখা যায়, ঘাটে বাঁধা রয়েছে বিশেষভাবে তৈরি একটি রঙিন নৌযান। এর ভেতরে রোগীকে শুইয়ে নেওয়ার ব্যবস্থা, অক্সিজেন সুবিধা এবং রোগীর স্বজনদের বসার জায়গা রাখা হয়েছে। মূলত জরুরি রোগী পরিবহনের উদ্দেশ্যেই নৌযানটি প্রস্তুত করা হয়েছে।

উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, চরাঞ্চলের কোনো বাসিন্দা অসুস্থ হলে নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করলেই রোগীর কাছে পৌঁছাবে নৌ-অ্যাম্বুলেন্স। সেখান থেকে রোগীকে হাসপাতালগামী সড়কের কাছাকাছি ঘাটে নিয়ে যাওয়া হবে। গুরুতর রোগীর ক্ষেত্রে অন-কলের ভিত্তিতে চিকিৎসকও নৌ-অ্যাম্বুলেন্সে যেতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদবেষ্টিত কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে নদী দ্বারা বিচ্ছিন্ন ২০টির বেশি চর রয়েছে। এসব এলাকায় কেউ অসুস্থ হলে নদীপথে হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া নৌকার ওপর নির্ভর করতে হয়। এতে সময় ও অর্থ—দুটিই বেশি ব্যয় হয়। জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের ভাষ্য। চরবাসীর এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে নৌ-অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদীবেষ্টিত কুড়িগ্রামের সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের ২০টি চরসহ আশপাশের এলাকার মানুষ এ সেবার আওতায় আসবেন।

যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এরশাদুল হক বলেন, ‘চরে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। ভাড়া নৌকায় সময় ও অনেক টাকা খরচ হয়। এখন থেকে শুধু তেল খরচ আর চালকের খরচ দিয়ে আমরা দ্রুত রোগীদের হাসপাতালে নিতে পারব। এই নৌ-অ্যাম্বুলেন্সটি যাতে নিয়মিত চালু রাখা হয়, সে ব্যবস্থা যেন সংসদ সদস্য করেন।’

একই ইউনিয়নের মাঝিয়ালীর চরের বাসিন্দা মদিন আলী বলেন, ‘যাত্রাপুর ঘাট থেকে মাঝিয়ালীর চরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। ঘাট থেকে এই চরে নৌকায় আসতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। ঘাটের নৌকার চেয়ে নৌ-অ্যাম্বুলেন্সটি দ্রুত চলে আসতে পারবে। আমরা যেকোনো গুরুতর অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নিতে পারব। এটি চালু থাকলে আমরা উপকৃত হব।’

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘চরাঞ্চলে বসবাসকারী মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সহযোগিতা করতে নৌ-অ্যাম্বুলেন্সটি তৈরি করার উদ্যোগ নিয়েছি। আজ এটির উদ্বোধন হলো।’

নৌ-অ্যাম্বুলেন্স পরিচালনায় নিজের তত্ত্বাবধানে একটি কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে রোগীর স্বজনদের গুনতে হবে শুধু তেল খরচ ও চালকের মজুরি। নৌ-অ্যাম্বুলেন্সটির সেবা যাতে ভবিষ্যতে বন্ধ না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নৌ-অ্যাম্বুলেন্স চালুর ফলে দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা জরুরি চিকিৎসাসেবা পেতে আগের তুলনায় দ্রুত যোগাযোগের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD