টাকা না দেওয়ায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জে টাকা চাওয়াকে কেন্দ্র করে লোহার শাবল দিয়ে আঘাত করে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকেও মারধর করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিরু বেগম (৫৫) ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল কৃষিকাজের সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল।
পরে স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে খবর দেন।
ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানান, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তিনি বাবাকেও মারধর করেছেন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল তাঁর মায়ের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








