অবৈধ বালু উত্তোলন, গোয়াইনঘাটে দেড় লাখ টাকা জরিমানা

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ২১টি লিস্টার মেশিন অকেজো করা হয়েছে। পাশাপাশি চারটি নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে এবং তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল গোয়াইন নদীর ব্রিজসংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজসংলগ্ন এলাকা, জাফলং চা বাগানের টাওয়ারসংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেঙ্গুড়া এলাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন অকেজো করা হয়। এ ছাড়া বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। পাশাপাশি একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








