Logo

চাকরি স্থায়ীকরণের দাবিতে দর্শনায় কেরুর শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

থানা প্রতিনিধি
থানা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২৬ নভেম্বর, ২০২৬, ১৯:০৯
চাকরি স্থায়ীকরণের দাবিতে দর্শনায় কেরুর শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন শাখায় কর্মরত অস্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ, ন্যায্য মজুরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির প্রধান ফটকের সামনে অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কয়েকশ অস্থায়ী শ্রমিক ও কর্মচারী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোর্শেদুর রহমান লিঙ্কন, পলাশ আহমেদ, রাশেদুল হক, শহিদুর রহমান, মিলন জোয়াদ্দার, ইউসুফ আলী, চৌধুরী রাসেল আহমেদ, জেলহক ও মহুয়া খাতুনসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে তাঁরা নামমাত্র দৈনিক হাজিরায় কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত থাকলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি।

তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সামান্য মজুরি দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। চাকরি স্থায়ীকরণ, ন্যায্য মজুরি এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে অস্থায়ী ও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ পদে স্থায়ীকরণের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে আন্দোলনকারী শ্রমিক-কর্মচারীদের একটি প্রতিনিধিদল কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে দেশের সরকারপ্রধান বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।

এ ছাড়া কর্তৃপক্ষের মাধ্যমে শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যানের কাছেও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD