কাপ্তাইয়ে পিকআপ উল্টে ডেলিভারি ম্যান নিহত, চালক গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় দুগ্ধজাত পণ্যবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে গেলে খোকন দে (৪৫) নামে এক ডেলিভারি ম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় আমজাদ হোসেন (৬০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চন্দ্রঘোনা থানাধীন রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্য নিয়ে পিকআপ ভ্যানটি বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর দিকে যাচ্ছিল। পথে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাঙুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকন দে-কে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








