মেহেরপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আটক

মেহেরপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে মুজিবনগর উপজেলার তারানগর গ্রাম এবং মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
শেখ সাকিব হোসেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ইনসাফাত আলীর ছেলে। অপরদিকে মাফুজুর রহমান পোলেন শহরের মল্লিকপাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে।
দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত বিচার আইনের মামলায় পলাতক আসামি হিসেবে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি মাফুজুর রহমান পোলেনের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








