Logo

ময়মনসিংহে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও টিয়ারশেল নিক্ষেপ, অসুস্থ ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:১৩
ময়মনসিংহে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ ও টিয়ারশেল নিক্ষেপ, অসুস্থ ৭
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা ঘিরে একটি তৈরি পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে সাত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরা কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত কারখানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সকালেও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে কাজে যোগ দেন তাঁরা। দুপুর ১টা থেকে ২টার মধ্যে মধ্যাহ্নভোজের বিরতি চলাকালে একদল শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করার উদ্যোগ নেন।

দুপুর ২টার দিকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে সেখানে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।

কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী জানান, সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু দুপুরের খাবারের বিরতির সময় তাঁরা আন্দোলনের উদ্দেশ্যে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি আরও জানান, শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও সেটি সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকদের পর্যায়ক্রমে কারখানা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শ্রমিকেরা আন্দোলনের উদ্দেশ্যে কারখানা থেকে বের হতে চাইলে প্রথমে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা বাধা না মানায় বল প্রয়োগ করতে হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

তিনি আরও বলেন, কতটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD