সাত দফা দাবি আদায়ে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কুসুমবাগ পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।
এতে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, আবু রাইয়ান শাহীন, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ও সেক্রেটারি মো. ইসমাইল আলী।
এ ছাড়া ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ, জেলা সভাপতি ফরিদ উদ্দীন, রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিছবাহুল হাসান এবং ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জ্বালাও-পোড়াও রাজনীতি চলবে না’, ‘সারাদেশে হামলা কেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই’, ‘দিল্লি নয়, ঢাকা ঢাকা’, ‘আপস নয়, সংগ্রাম সংগ্রাম’ এবং ‘অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ছাত্র-জনতাকে সীসাঢালা প্রাচীরের মতো ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, যারা নিরপরাধ মানুষকে হত্যা, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। এ ধরনের মানবতাবিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শুধু কার্যক্রম নিষিদ্ধ করাই যথেষ্ট নয়, দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন জেলা জামায়াতের আমীর। পরে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।








