Logo

বাকেরগঞ্জে ইউএনও মিল্টন চন্দ্র পালের বিদায়, নবাগত তারিকুলকে বরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
বরিশাল
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:৪৬
বাকেরগঞ্জে ইউএনও মিল্টন চন্দ্র পালের বিদায়, নবাগত তারিকুলকে বরণ
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালের বিদায় এবং নবাগত ইউএনও তারিকুল ইসলামের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা জানানোর পাশাপাশি নতুন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদার।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও মিল্টন চন্দ্র পাল তাঁর বক্তব্যে বলেন, “আমি বাকেরগঞ্জ উপজেলায় সাত মাস ইউএনও হিসেবে কর্মরত ছিলাম। এ সময়ে সরকারের দেওয়া সব সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। বাকেরগঞ্জবাসীর কথা কখনো ভুলব না। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, তা বুকে ধারণ করে রাখব। আমার কোনো কাজে বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।”

নবযোগদানকারী ইউএনও তারিকুল ইসলাম বলেন, “আমি আপনাদের উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। একটি উপজেলাকে উন্নত করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই সহযোগিতা করলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব।”

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। একই সঙ্গে নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি বিদায়ী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন তাঁরা।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD