মাদক সেবন নয়, চুরির জন্য ছাদে অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে দাবি করেছে পুলিশ। বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও প্রাণ দিতে হয়।
বিজ্ঞাপন
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) হত্যাকাণ্ডের এমন কারণ উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
আলোচিত এই হত্যাকাণ্ডের পরপরই প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা দুজনই রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি পুলিশের।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, এটি মূলত চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড। গণপতি চক্রবর্তীর বাড়িতে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জানার পরই দুই আসামি ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন।
তদন্তে আরও জানা গেছে, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগে সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটিও হয়েছিল। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
যেভাবে প্রাণ হারান একই পরিবারের চারজন
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন সিদ্ধার্থ ও মুগ্ধ। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাদে অপেক্ষা করতে থাকেন। এ সময় ইয়াবা সেবনও করেন দুজন।
একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে সেখানে যান গণপতি চক্রবর্তী। তখন দুই আসামিকে দেখে ফেলেন তিনি। পুলিশের দাবি, এ সময় তাঁর গলায় থাকা গামছা ব্যবহার করে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়।
গণপতির চিৎকার বা শব্দ শুনে ছাদে আসেন তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী। তাঁদেরও হত্যা করেন দুই আসামি। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আগমীকে হত্যার সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। এ ঘটনায় সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো জায়গা অনুযায়ী স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ছিল নানা আলোচনা
গণপতি চক্রবর্তীর অবসরকালীন প্রাপ্ত অর্থ নিয়েও এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা ছিল। তাঁর অবসরকালীন পাওনা ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে বলে স্থানীয়ভাবে প্রচার ছিল। তবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্র নিয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে জানা যাবে।
পুলিশের তদন্ত নিয়ে আপত্তি নিহতের স্বজনের
তবে পুলিশের দেওয়া হত্যাকাণ্ডের ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তাঁর দাবি, শুধু টাকা ও স্বর্ণালংকার চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারেন।
গোপীনাথ চক্রবর্তী বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।
আগের পুলিশ কমিশনারের বক্তব্যে উঠে এসেছিল ভিন্ন বিবরণ
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় নিজেদের বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ হত্যাকাণ্ডের একটি বিস্তারিত বিবরণ দিয়েছিলেন।
তখন তিনি জানিয়েছিলেন, পাশের ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে ছাদে যান গণপতি। তাঁদের ইয়াবা সেবন নিয়ে প্রশ্ন করায় দুই আসামি তাঁর গলার গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
তৎকালীন পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, গণপতির চিৎকার শুনে তাঁর স্ত্রী প্রীতিলতা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে তাঁকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে মেয়ে আগমী এগিয়ে এলে তাঁকেও হত্যার জন্য গামছা ও দড়ি ব্যবহার করেন আসামিরা। একপর্যায়ে তাঁর মুখ ও চোয়ালে গুরুতর আঘাত লাগে।
এরপর ঘুমন্ত অবস্থায় ছোট ছেলে আয়ুশকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছিলেন তিনি।
তৎকালীন পুলিশ কমিশনার আরও দাবি করেছিলেন, হত্যাকাণ্ডের পর দুই আসামি কিছুটা শান্ত হলে বাড়ির ভেতরে গোসল করেন। পরে ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান এবং ইয়াবা সেবন করেন। ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখানোর উদ্দেশ্যে বাড়ির আসবাবপত্র এলোমেলো করে দেন এবং আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার আগে দুটি মুঠোফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখেন, যাতে আঙুলের ছাপ পাওয়া না যায় বলেও দাবি করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত করছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
এদিকে, আসামিদের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে আগেই জানিয়েছিল পুলিশ। হত্যাকাণ্ডের নয় দিন পর তাঁদের এই পরীক্ষা করা হয়েছিল। অন্যদিকে, ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্তকারী সংস্থা।
তবে দুই ব্যক্তির পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচারের দাবিতে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তাঁরা। ফলে পুলিশের অভিযোগপত্র জমা দেওয়ার পরও হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা ছিল কি না, সেই প্রশ্নে নিহতদের পরিবারের আপত্তি রয়ে গেছে।








