মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরী ওরফে ‘কাইল্যা তছলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর এলাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বুধবার (২৫ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পল্লবী থানা-পুলিশের একটি দল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছিল। এ পরিকল্পনার অন্যতম সমন্বয়কারী হিসেবে তসলিম চৌধুরীর নাম উঠে এসেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার শ্যালকের ভূমিকা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গোয়েন্দা সূত্র আরও জানায়, তসলিম চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিখিলের অনুসারী। তিনি মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ক্যাশিয়ার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে কারাগারে থাকা কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং কারাগারে সাক্ষাতের তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।
সূত্রের দাবি, সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের সঙ্গে সাক্ষাৎ করেন তসলিম। সেখান থেকে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত নির্দেশনা নিয়ে এসে মিরপুরে বড় ধরনের সহিংসতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। তাদের গ্রেপ্তারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার তসলিম চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








