সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে রাজধানী থেকে গ্রেপ্তার

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরবর্তী সময়ে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তাঁর বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।
তবে তাঁকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময় কখন, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গ্রেপ্তারের কারণ ও সংশ্লিষ্ট মামলার বিস্তারিত জানতে তদন্তসংশ্লিষ্ট তথ্যের অপেক্ষা করা হচ্ছে।








