ফরিদপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সিরাজগঞ্জে গ্রেপ্তার

নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
ভোর ৪টার দিকে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে পাবনা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সিরাজগঞ্জেও নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন, নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করার পরিকল্পনা নিয়ে তিনি অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে গোপন তথ্য আসে।
ওই তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের একটি দল সয়াধানগড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মেহেদী হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পাবনার ফরিদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মেহেদী হাসান সাগরের বিরুদ্ধে ফরিদপুর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








