Logo

কে এই সুইডেন আসলাম, কীভাবে গড়ে তুলেন অপরাধজগতে রাজত্ব?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৩
কে এই সুইডেন আসলাম, কীভাবে গড়ে তুলেন অপরাধজগতে রাজত্ব?
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নামগুলোর একটি ছিল সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর অনেকটা আড়ালে চলে গেলেও এবার দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় একসময় আধিপত্য বিস্তার, একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ এবং কারাগারে থেকেও অপরাধজগতের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আলোচনায় থাকা এই ব্যক্তির জীবন ও অপরাধজগতে উত্থানের ইতিহাস আবার সামনে এসেছে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

কে এই সুইডেন আসলাম?

বিজ্ঞাপন

সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন আসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় তার প্রভাব ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন তিনি।

নব্বইয়ের দশকে ঢাকার বিভিন্ন এলাকায় ধারাবাহিক সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম উঠে আসে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা।

যেভাবে অপরাধজগতে উত্থান সুইডেন আসলামের

বিজ্ঞাপন

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে ঢাকার অপরাধজগতে সুইডেন আসলামের প্রভাব বাড়তে শুরু করে। প্রাথমিকভাবে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার অবস্থান শক্তিশালী হয়।

১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে তার নাম আলোচনায় আসে। পরবর্তী সময়ে রাজধানীর অন্যান্য এলাকায়ও তার প্রভাব বিস্তারের চেষ্টা শুরু হয়।

নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। এই গ্রুপের সদস্যদের মধ্যে পিচ্চি হান্নানও ছিলেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ তীব্র হয়ে ওঠে।

বিজ্ঞাপন

দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব বিরোধে প্রাণহানি ও হতাহতের ঘটনাও ঘটে।

১৯৯৬ সালে রানা গ্রুপের সদস্য পিচ্চি হান্নান আসলামের দলে যোগ দেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডের ঘটনায় আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, পিচ্চি হান্নানকে ব্যবহার করেই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আসলাম।

রানা নিহত হওয়ার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব আরও বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজার এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আসলামের নির্দেশনায় পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণ

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আসেন সুইডেন আসলাম। ওই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৫ বছর। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্যও প্রকাশিত হয়েছিল।

গ্রেপ্তারের পর কারাগারে বন্দি থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে। তার হয়ে বাইরে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক এবং জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি নিয়ন্ত্রণ করতেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কারাগারের ভেতরেও বিভিন্ন সময় মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোন ব্যবহার করে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ ছিল। এ ধরনের ঘটনার পর তাকে একাধিকবার এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

কীভাবে ‘সুইডেন আসলাম’ নামের পরিচিতি পেলেন?

শেখ মোহাম্মদ আসলামের নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। বিয়ের পর আসলামও কয়েক বছর দেশটিতে বসবাস করেন। সেই সূত্র ধরেই পরিচিতি পান সুইডেন আসলাম নামে। পরবর্তী সময়ে ইতির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে।

বিজ্ঞাপন

আসলামের ঘনিষ্ঠজনদের কয়েকজনের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ক্রসফায়ারের আশঙ্কায় তিনি মুক্তির চেষ্টা করেননি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল, যার মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।

২৭ বছর পর কারামুক্তি, দুই বছরের ব্যবধানে ফের গ্রেপ্তার

বিজ্ঞাপন

চারদলীয় জোট সরকারের সময়ে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ছিল সুইডেন আসলামের। বিভিন্ন কারাগারে থাকার পর ২০১৪ সাল থেকে তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখানে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তার মুক্তির খবর প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল।

মুক্তির পর থেকে তিনি অনেকটা আড়ালে ছিলেন। তবে এবার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের পর ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

দীর্ঘদিন পর আবার গ্রেপ্তারের ঘটনায় নব্বইয়ের দশকের ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত এই ব্যক্তির অতীত কর্মকাণ্ড নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD