বসুন্ধরার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক

রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্বে ছিলেন।
২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে যান তিনি।
ওই সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দরজা-জানালাও।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।








