যাত্রীবাহী বাসে মিলল বিদেশি পিস্তল-গুলি

রাজশাহীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টের খবর পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজশাহী নগরীর শাহমখদুম থানার সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে এসআরবি-৫ জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অবৈধ অস্ত্র বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাহিনীর একটি দল সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি শুরু করে।
তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ রাখার বক্সে একটি ফলের কার্টন পাওয়া যায়। পরে কার্টনটি খুলে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এসআরবি জানায়, চেকপোস্টে পৌঁছানোর আগেই অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যান। বাসের সুপারভাইজারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসটিতে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পলাতক যাত্রীর পরিচয় শনাক্ত এবং তাকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও অস্ত্রের উৎস অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।








