Logo

জুলাই গণহত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:১২
জুলাই গণহত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) পল্টন থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনকে ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকনকে সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবির পক্ষ থেকে সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর একই বছরের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD