Logo

গ্রেপ্তারের পর ডিবির হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১২:০৮
গ্রেপ্তারের পর ডিবির হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির সূত্র জানায়, আটকের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও পরিবারের একজন কর্মচারীকেও আসামি করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আবেদনে বলা হয়েছিল, এসব ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে সাঈদ খোকন দেশের বিভিন্ন এলাকায় ও বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের যোগসূত্রও তদন্তে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ সরিয়ে ফেলা কিংবা তুলে নেওয়ার আশঙ্কার কথাও আদালতকে জানানো হয়েছিল। এতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত ব্যাহত হওয়ার পাশাপাশি অবৈধ সম্পদ আইনি প্রক্রিয়ায় জব্দ করাও কঠিন হয়ে পড়তে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, এর আগে ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। ফলে তার বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD