Logo

এবার মেঘনা আলমকে দুদকের তলব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪
এবার মেঘনা আলমকে দুদকের তলব
মেঘনা আলম | ফাইল ছবি

দুর্নীতি, প্রতারণা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অভিযোগ রয়েছে, অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য মেঘনা আলমকে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সুমিত্রা সেন এ সংক্রান্ত তলবি চিঠি পাঠান। তিনি অভিযোগ অনুসন্ধানে গঠিত দুই সদস্যের তদন্ত দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। মেঘনা আলম ও দেওয়ান সামিরের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এই অনুসন্ধানের প্রয়োজনেই মেঘনা আলমকে তলব করে তার বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য কিংবা অনুসন্ধানের চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা ও রাজনীতির সঙ্গে যুক্ত মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে পরিচিতি পান। এরপর বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করছেন।

রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন মেঘনা আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি।

পরবর্তী সময়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার সুযোগ হয়নি তার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD