Logo

দুদকের মুখোমুখি মেঘনা আলম, চলছে জিজ্ঞাসাবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৩:৫৮
দুদকের মুখোমুখি মেঘনা আলম, চলছে জিজ্ঞাসাবাদ
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এরপর অনুসন্ধান দলের প্রধান ও উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলবি চিঠি পাঠিয়েছিল দুদক।

দুদক সূত্র জানায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি এসব সম্পদ থেকে অর্থ বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এ অভিযোগের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে মেঘনা আলমকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে বলা হয়েছিল।

মেঘনা আলম মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা ও রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের পর তিনি পরিচিতি পান। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD