Logo

সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা, সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
জয়পুরহাট
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:৩৮
সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা, সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেনারেল হাসপাতালে এক কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার পর কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জয়পুরহাট থানায় মামলাটি করা হয়। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

অভিযুক্ত ওয়াজেদ আলী (৪২) জয়পুরহাট জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। অভিযোগকারী কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডের এক নম্বর কক্ষে ওয়াজেদ আলী ও ওই কলেজছাত্রীকে একসঙ্গে দেখতে পান রোগীর স্বজনেরা। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবক এবং ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তানেরা থানায় উপস্থিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীটি অভিযুক্তের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এমনকি তার নামে মামলা করতেও আগ্রহ দেখাননি। পরে পুলিশ তাকে মায়ের জিম্মায় ছেড়ে দেয়।

তবে থানা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আলী বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। কিন্তু জয়পুরহাট জেলা কারাগারের কাছাকাছি পৌঁছানোর পর তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে ওই ছাত্রী জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে রেললাইনের ওপর বসে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওয়াজেদ আলী। এরপরই তিনি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

ওসি নুরে আলম সিদ্দিকী জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ওয়াজেদ আলীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছেন।

এদিকে জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD