শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ আটক ৪

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে পৃথক অভিযানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক জেলা প্রশাসক (ডিসি), একজন আয়কর আইনজীবী এবং সাবেক কাউন্সিলরের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে মোট চারজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, ধানমন্ডি থেকে হস্তান্তর করা তিনজন এবং মোহাম্মদপুর থেকে ককটেলসহ আটক আল আমিন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।








