Logo

ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এবার পুলিশ সুপার আজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৬:৩২
ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এবার পুলিশ সুপার আজাদ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কথিত বন্দুকযুদ্ধের নামে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।

তিনি জানান, জনি হত্যা মামলায় এ পর্যন্ত মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

ডিবি সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় পুলিশ।

পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একই বছরের সেপ্টেম্বরে জনি হত্যার ঘটনায় মামলা করেন তার বাবা মো. ইয়াকুব আলী।

মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তদের মধ্যে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৪৯ জন নেতা-কর্মী রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটিতে কথিত বন্দুকযুদ্ধের নামে জনিকে হত্যার অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD