Logo

গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে বন্ধ বহু মোবাইল ব্যাংকিং হিসাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:২৭
গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে বন্ধ বহু মোবাইল ব্যাংকিং হিসাব
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে একাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এর প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। জেলার বাইরে বসবাসকারী গোপালগঞ্জের বাসিন্দারাও একই সমস্যার মুখে পড়ছেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর মোবাইল ব্যাংকিং লেনদেনে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় সন্দেহজনক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু হিসাব বন্ধ করা হয়েছে।

ঢাকায় কর্মরত গণমাধ্যমকর্মী ও গোপালগঞ্জের বাসিন্দা মাসুদ জানান, বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অনেক হিসাব বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। এ সমস্যার প্রভাব শুধু জেলায় অবস্থানরত গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ নেই; দেশের অন্যান্য স্থানে থাকা গোপালগঞ্জের বাসিন্দারাও বিপাকে পড়েছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার পরিবারের চার সদস্যের মোবাইল ব্যাংকিং হিসাব রয়েছে। এর মধ্যে তিনটি বন্ধ হয়ে গেছে, মাত্র একটি চালু আছে। আমার এক প্রতিবেশীর তিন ভাইয়ের মধ্যে দুজনের হিসাব বন্ধ, একজনেরটি চালু রয়েছে। আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কাছ থেকেও একই ধরনের সমস্যার কথা শুনছি। অনেকেরই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক লেনদেন ব্যাহত হচ্ছে।’

একটি শীর্ষস্থানীয় এমএফএস প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেসব হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট এলাকার সব গ্রাহকের হিসাব একযোগে বন্ধ বা অবরুদ্ধ করা হয়নি। ব্যক্তিগত হিসাবের লেনদেনের ধরন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই যাচাই-বাছাই চলছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সন্দেহজনক লেনদেনের অভিযোগে কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কোনো হিসাব দীর্ঘদিন, এমনকি পুরো বছর নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ বড় অঙ্কের লেনদেন হলে কিংবা লেনদেনের স্বাভাবিক ধরনে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করা হয়।

হিসাব বন্ধের পেছনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া কোনো তালিকা কাজ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এনবিআরের সংশ্লিষ্ট পদক্ষেপ মূলত ব্যাংক হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য। এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানে সন্দেহজনক মনে হওয়া হিসাবগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এ-সংক্রান্ত লেজার এন্ট্রি জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে এনবিআরের গোয়েন্দা ইউনিট। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেনের তথ্যও পরীক্ষা করা হচ্ছে।

হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া জেলার পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের নামও রয়েছে।

সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য অনুসন্ধানে এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিট কাজ করছে। এগুলো হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ইউনিটগুলো যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক হিসাব যাচাই করছে।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের নামও রয়েছে।

অন্যদের মধ্যে রয়েছেন মুকসুদপুরের সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন। মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছাও রয়েছেন এই তালিকায়।

১০ নভেম্বরের সহিংসতার পর আর্থিক লেনদেনে নজরদারি

জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে। তাঁদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। এ সময় কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর এবং বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে।

সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন জায়গায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। মামলার বিবরণে আরও বলা হয়েছে, এর আগে শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ছাড়া জেলার বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় আগুন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার পর জেলার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আর্থিক লেনদেনের ওপর নজরদারি বাড়ানো এবং সন্দেহজনক হিসাব বন্ধের ঘটনায় একদিকে তদন্ত কার্যক্রম এগোচ্ছে, অন্যদিকে সাধারণ গ্রাহকদের স্বাভাবিক মোবাইল ব্যাংকিং সেবা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD