Logo

ব্যাচেলরদের জন্য বড় সুখবর, ফের কমল স্বর্ণের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ২১:৫৬
ব্যাচেলরদের জন্য বড় সুখবর, ফের কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা জোরালো হওয়া এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতির বিষয়ে ধারণা পেতে দেশটির গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ৬১১ ডলার ৯৯ সেন্টে নেমে আসে। এর আগের কার্যদিবসে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বাড়লেও গত শুক্রবার তা এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ফিউচার চুক্তির দামও কমেছে। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে ৩ হাজার ৬১১ ডলার ৫০ সেন্টে দাঁড়ায়।

আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মূল্য ২০ মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনার ব্যয় বেড়ে গেছে। ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।

বিজ্ঞাপন

স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাসের মতে, উচ্চ সুদের হার এবং বন্ডের বেশি মুনাফা স্বর্ণের বাজারের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হতে পারে। এমন পরিস্থিতিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতকে ঘিরে বাজারে এখনো অস্থিরতা রয়েছে। এই খাতে আবার বড় ধরনের দরপতন হলে বিনিয়োগকারীদের নগদ অর্থের প্রয়োজন বাড়তে পারে। তখন অর্থের জোগান নিশ্চিত করতে স্বর্ণ বিক্রির প্রবণতাও বাড়তে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পছন্দের মূল্যস্ফীতি পরিমাপক সূচক ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের শেষ নীতিনির্ধারণী বৈঠকের আগে মূল্যস্ফীতিবিষয়ক এটিই সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য।

বিজ্ঞাপন

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে ধারণা করছেন ৯৬ শতাংশ ব্যবসায়ী। অন্যদিকে, ৪ শতাংশ ব্যবসায়ী সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা দেখছেন।

সোমবার নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতির উচ্চ হার অব্যাহত থাকলে কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হতে পারে।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও পতন দেখা গেছে।

বিজ্ঞাপন

রুপা: প্রতি আউন্সের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ৪২ ডলার ৪ সেন্টে দাঁড়িয়েছে।

প্লাটিনাম: দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৮৮ ডলার ৯১ সেন্ট হয়েছে।

প্যালাডিয়াম: প্রতি আউন্সের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭৯ ডলার ৮৮ সেন্টে নেমেছে।

বিজ্ঞাপন

এদিকে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে এআই খাতের শেয়ারগুলোতে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD