Logo

কমেছে জ্বালানি তেলের দাম, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:১৭
কমেছে জ্বালানি তেলের দাম, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং বাজারে অতিরিক্ত তেল জমার আশঙ্কায় মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য প্রায় তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন করে উদ্বেগ তৈরি করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনের শুরুতে এ তেলের দাম গত ২৭ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৯ দশমিক ৯৭ ডলারে নেমেছে। এর আগে গত ১০ আগস্টের পর এ তেলের দাম এত নিচে নামেনি।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকার পরিস্থিতিতেও সরবরাহ ব্যবস্থা তুলনামূলক স্বাভাবিক থাকায় সাম্প্রতিক সময়ে তেলের দাম বৃদ্ধির গতি কমেছে। একই সঙ্গে বাজারে ভবিষ্যতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জাহাজ চলাচলে সম্ভাব্য বিঘ্ন—দুই বিষয়ই বাজারকে প্রভাবিত করছে।

বিজ্ঞাপন

তবে তেলের দাম আবার বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। সুব্রো সরকারের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে যেকোনো সময় হরমুজ প্রণালি অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবিভাগ দাবি করেছে, নিষেধাজ্ঞা অমান্যকারী তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ওয়াশিংটন।

বিজ্ঞাপন

বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার আরেকটি ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে। দেশটির গুরুত্বপূর্ণ শারারা তেল পাইপলাইন পুনরায় চালু হয়েছে।

একটি গোষ্ঠী অবৈধভাবে পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ায় তেল সরবরাহ ব্যাহত হয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়। লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে তেল প্রবাহিত হয়ে জাওইয়ার আকাকুস স্থাপনার সংরক্ষণাগারে জমা হতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, লিবিয়ার পাইপলাইন চালু হওয়া এবং অন্যান্য উৎস থেকে সরবরাহ বাড়ার সম্ভাবনা আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে। তবে ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বাজার এখনো অস্থিতিশীল।

বিজ্ঞাপন

এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেন, তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তেলের দাম, সরবরাহ চুক্তি, পরিশোধন খাতের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান পর্যালোচনা করলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা দেখা যাচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেন, জ্বালানি তেল পরিবহনে এখনো বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং মজুতের পরিমাণও সীমিত। ফলে বাজার তীব্র সরবরাহ সংকট থেকে কিছুটা বেরিয়ে এলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। বরং দীর্ঘমেয়াদি ঝুঁকি এখনো রয়ে গেছে।

সব মিলিয়ে সরবরাহ বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনে তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD