শ্রমিক অসন্তোষে গাজীপুর-সাভারের ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে। টানা ২৫ দিনের অস্থিরতায় এসব এলাকার ১৭০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি অনেক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চলজুড়ে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
তবে অধিকাংশ কারখানার শ্রমিক মজুরি বোর্ডের ঘোষণার সঙ্গে সমঝোতায় এলেও প্রায় ১০ শতাংশ পোশাক কারখানার শ্রমিক এখনো আন্দোলনে সক্রিয় রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিন পরিদর্শন ও কারখানা পরিদর্শকদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
শিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুর ও সাভার এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে রপ্তানিমুখী কারখানার সংখ্যা প্রায় আড়াই হাজার। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, বিক্ষোভ ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরে এসব শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, সদর, টঙ্গী, বাংলাবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৭০০ শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে কালিয়াকৈর, শ্রীপুর ও মহানগরের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিশেষ করে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রতিদিন সকালে শ্রমিকদের অসন্তোষের কারণে গড়ে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলতি মাসের ১০ তারিখ থেকে গাজীপুরে পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
নতুন মজুরি ঘোষণার পরও বুধবার জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে শ্রীপুর উপজেলার অধিকাংশ পোশাক কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্যও বন্ধ রাখা হয়েছে।
তবে বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় তুলনামূলক স্বস্তি ফিরেছে। কালিয়াকৈর উপজেলার বন্ধ থাকা চারটি কারখানা পুনরায় চালু করেছে কর্তৃপক্ষ। আগে যেসব কারখানায় নিয়মিত ছুটি ঘোষণা করা হচ্ছিল, সেগুলোর কয়েকটিতেও উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
এন কে সোয়েটার কারখানার পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, মজুরি বোর্ড যে প্রস্তাব দেবে, তারা তা বাস্তবায়ন করবেন এবং শ্রমিকদের ন্যায্য বেতন পরিশোধ করবেন। এ নীতির ভিত্তিতেই তাদের কারখানা চালু রয়েছে এবং শ্রমিকেরাও কাজ করছেন।
তিনি আরও বলেন, অনেক কারখানায় মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্বের কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই ব্যবধান দূর করা গেলে শ্রমিকদের সঙ্গে সমঝোতা সহজ হবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের নামে সড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত শ্রমিকবহির্ভূত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কোথাও কোথাও সামান্য অসন্তোষ দেখা দিলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত উৎপাদনে ফেরাতে পুলিশ সহযোগিতা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষের প্রভাব অব্যাহত রয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, এ অঞ্চলে ৪৭০টি রপ্তানিমুখী কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কারখানায় উৎপাদন পুনরায় শুরু হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন ৫০ থেকে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি শ্রম আইন ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২০ থেকে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন কয়েকটি কারখানায় শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন। হেমায়েতপুর ও জিরাবো এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, নিম্নতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব দিয়েছে। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ শ্রমিক সংগঠন সেই প্রস্তাব মেনে নিয়েছে। তবে হেমায়েতপুরসহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হেমায়েতপুরে তিন প্লাটুন এবং আশুলিয়ায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।







