Logo

এক দিনের ব্যবধানে ভরিতে ২৮৫৮ টাকা কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৫:৫১
এক দিনের ব্যবধানে ভরিতে ২৮৫৮ টাকা কমল সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আগের দিন মঙ্গলবার এই দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ৮৫৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে গয়না কেনাবেচার ক্ষেত্রেও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী ক্রেতাকে মজুরি পরিশোধ করতে হবে। নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় এর বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ এবং গয়না বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন মূল্য ও সংশ্লিষ্ট নিয়ম কার্যকর থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD