এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দরে ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। আগের দিন বুধবার এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকায়।
এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৯১৬ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে গয়না কেনাবেচার নিয়মও স্পষ্ট করা হয়েছে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অন্যদিকে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ মূল্য কর্তন করা হবে। তবে এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।







