নারায়ণগঞ্জে দুই পোশাক কারখানায় কর্মবিরতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন কাঠামো নিয়ে অসন্তোষ এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শেষ হয়। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বৈঠকে সমাধান আসার পর শ্রমিকেরা আবার কাজে যোগ দিয়েছেন।
বিজ্ঞাপন
ফতুল্লার কাঠেরপুল এলাকায় মাইক্রো ফাইবার গ্রুপের প্রতিষ্ঠান লিবার্টি নীটওয়্যার লিমিটেড এবং দাপা ইদ্রাকপুর এলাকার উইজডম অ্যাটায়ার্সে এ কর্মবিরতির ঘটনা ঘটে। উইজডম অ্যাটায়ার্সের মালিক সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
লিবার্টি নীটওয়্যারের শ্রমিকদের অভিযোগ, মজুরি বোর্ড ঘোষিত নতুন বেতন কাঠামো নিয়ে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে কারখানাটির জ্যেষ্ঠ ও দক্ষ কর্মীদের গ্রেড উন্নীত করার দাবিও জানিয়েছেন তারা।
অন্যদিকে, উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন। দীর্ঘদিনের পাওনা আদায়ের দাবিতে তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুললাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় সমস্যার সমাধান হলে শ্রমিকেরা কাজে ফিরে যান।
তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি বোর্ড ঘোষিত মজুরি কাঠামোকে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের শ্রমিকেরা স্বাগত জানিয়েছেন। তারা সন্তুষ্টির সঙ্গে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো মজুরি-সংক্রান্ত নয়, বরং কারখানার অভ্যন্তরীণ বিষয়।
এদিকে, শিল্পাঞ্চলে নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিজিবির সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, শিবু মার্কেট, বিসিক, চাষাঢ়া, কাঁচপুর সেতু ও মহাসড়কসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।








