Logo

আরাকান আর্মির বন্দিদশা থেকে দেশে ফিরলেন ৪১ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:০৯
আরাকান আর্মির বন্দিদশা থেকে দেশে ফিরলেন ৪১ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। তাঁদের ফিরিয়ে আনতে বিজিবি ধারাবাহিকভাবে যোগাযোগ ও প্রচেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত সেই উদ্যোগের মাধ্যমে ৪১ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

দেশে ফেরা জেলেদের একজন আবুল হোসেন (৬০)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

আবুল হোসেন জানান, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করে নিয়ে যান।

বন্দিজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে আবুল হোসেন বলেন, ‘প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ফেরত আসা জেলেদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমারে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে দেশে ফেরার পথে আটক হয়েছিলেন। এখনো যাঁরা আটক রয়েছেন, তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতেও বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD