Logo

শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:০৫
শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে আহত ৭
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে সাত শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় পি.এ নিট কম্পোজিট গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টা পর্যন্ত কারখানার ভেতরে উত্তেজনা অব্যাহত ছিল।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতোই তারা কাজে যোগ দেন। দুপুরের খাবারের বিরতিতে শ্রমিকেরা একত্র হয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করার উদ্যোগ নেন।

দুপুর ২টার দিকে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে সেখানে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান।

কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী জানান, সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে দুপুরের খাবারের বিরতির সময় তারা আন্দোলনে যাওয়ার চেষ্টা করেন। টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, শ্রমিক মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিকদের ধাপে ধাপে কারখানা থেকে বের করে দেওয়া হচ্ছে।

শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শ্রমিকেরা আন্দোলনের উদ্দেশ্যে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রথমে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তারা না মানায় বল প্রয়োগ করতে হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

কতটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার। তিনি জানান, ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD