Logo

জামায়াত কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:১৪
জামায়াত কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক, ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির শাজাহান আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সভাপতি একে বিশ্বাস বাবু কৌশলে ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিত মহিদুল কাউন্সিলরের কাছে বালুর ঘাটের ইজারার নাম হস্তান্তর করেন। এরপর ওই ঘাটে অপরিকল্পিত ও ব্যাপকভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, তিনি ওই এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় ভুক্তভোগীরা জনদুর্ভোগ কমাতে দ্রুত বালুর ঘাটটি বন্ধ করার দাবি জানান।

তিনি আরও বলেন, আমি স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে, এলাকার রাস্তার নির্মাণকাজ অতি দ্রুত শেষ হলে তারপর যেন তারা বালু উত্তোলন করেন। কিন্তু তারা সেই কথা না মেনে উল্টো আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং কার্যালয় ভাঙচুর করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটনের আহ্বান জানান। পাশাপাশি হামলা ও কার্যালয় ভাঙচুরে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD