গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ২৬তম দিনে গাজীপুরের দুটি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোগড়া ও শ্রীপুরের নয়নপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
উদ্ভূত পরিস্থিতিতে দুই এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার মোট ২২টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে দুপুরের পর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডিবিএল সিরামিক কারখানার সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় স্থানীয় রিদিশা নিটেক্স কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে কয়েক হাজার শ্রমিক সড়কে বেরিয়ে এলে লাঠিসোঁটা নিয়ে আসা বহিরাগতদের হামলার শিকার হন বলে জানা গেছে।
এরপর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তাঁরা।
প্রায় আধা ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে শ্রমিকদের একটি অংশ আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। এ অবস্থায় সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকেরা ভোগড়া এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় সেখান থেকে সরে যান।
ঘটনার পর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকালে দুটি স্থানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও দুপুর ১টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার অনেক পোশাক কারখানায় শ্রমিকেরা নিয়মিত কাজ করেছেন। যেসব প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।








