Logo

জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ ব্যানার, ফাঁসির দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ১৯:২৫
জিয়াউল আহসানের বাড়িতে ‘খুনির বাড়ি’ ব্যানার, ফাঁসির দাবি
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশালের বাড়ির নামফলক পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ লিখেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর ওই বাড়ির সামনে ব্যানার ও পোস্টার টাঙিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। একই সঙ্গে বাড়ির সামনে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের শিকার ব্যক্তিদের তালিকাও প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বাড়ির সামনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। দীর্ঘদিন ধরে নিখোঁজ দুই সন্তানের সন্ধান না পেয়ে তাঁদের ফিরে পাওয়ার আকুতি জানান তিনি।

ফিরোজা বেগম বলেন, তাঁর দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাননি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাঁদের এভাবে নিখোঁজ করা হলো—সেই প্রশ্নের জবাব চান তিনি। সন্তানদের সন্ধানের পাশাপাশি ঘটনার বিচারও দাবি করেন এই মা।

বাড়ির নামফলক পরিবর্তন, ফাঁসির দাবিতে স্লোগান

বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তাঁর বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার চান তাঁরা। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।

কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার এবং ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ উল্লেখ করে নামফলক লাগানো হয়। মুছে ফেলা হয় বাড়িটির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত একটি ব্যানারও টাঙানো হয়।

আদালতে হত্যার সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য

প্রসিকিউশনের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, সাক্ষীদের বক্তব্যে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর মরদেহ গোপন করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করা হতো। এরপর সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদী বা খালে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এসব ঘটনার বিবরণ আদালতে তুলে ধরেছেন।

২০২৪ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত

২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম চলছে। মামলার অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD