এক বছরের প্রচেষ্টায় কোরআন শিক্ষার নতুন কায়দা রচনা

খাগড়াছড়ির দীঘিনালায় শিশুদের সহজ ও শুদ্ধভাবে পবিত্র কোরআন শেখানোর লক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’। স্থানীয় আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কায়দার মোড়ক উন্মোচন করা হয়।
বইটির রচয়িতা দীঘিনালার সন্তান ক্বারী মোহাম্মদ ওমর ফারুক বিন ফরিদ উদ্দিন। দীর্ঘ এক বছরের নিরলস প্রচেষ্টায় তিনি কায়দাটি রচনা করেছেন। শিশুদের কোরআন শিক্ষার প্রাথমিক পর্যায়কে আরও সহজ ও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে এতে।
কায়দাটিতে আরবি বর্ণমালার পরিচিতি, প্রতিটি হরফের শুদ্ধ উচ্চারণ, মাখরাজ এবং কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয় নিয়মকানুন ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। পাশাপাশি নূরানী শিক্ষকদের পাঠদান পদ্ধতি আরও সহজ, কার্যকর ও মানসম্মত করতে যুক্ত করা হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মেহেরী, ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী, হাচিনসনপুর গাটপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আরমান এবং ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল হালিম। এ ছাড়া স্থানীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে শৈশব থেকেই পবিত্র কোরআনের শুদ্ধ শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। কোরআন শিক্ষার প্রাথমিক ধাপে আরবি হরফের সঠিক পরিচয়, উচ্চারণ ও মাখরাজ শেখার গুরুত্ব অপরিসীম। এ জন্য সহজবোধ্য ও সুশৃঙ্খল পাঠ্য উপকরণ শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য সহায়ক।
তাঁরা আশা প্রকাশ করেন, ‘মিফতাহুল কোরআন নূরানী কায়দা’ শিশুদের কোরআন শেখার প্রাথমিক ধাপকে আরও সহজ করবে এবং শুদ্ধ তেলাওয়াতের চর্চা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।
নিজের বই রচনার উদ্দেশ্য তুলে ধরে ক্বারী মোহাম্মদ ওমর ফারুক বিন ফরিদ উদ্দিন বলেন, “একটি শিশু যেন খুব সহজেই পবিত্র কোরআন পড়তে ও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সেই লক্ষ্য থেকেই কায়দাটি রচনা করেছি। এতে হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, তেলাওয়াতের নিয়ম এবং শুদ্ধভাবে কোরআন শেখার প্রয়োজনীয় পদ্ধতি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি নূরানী শিক্ষকদের জন্যও গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা সংযোজন করেছি, যাতে তাঁরা শিক্ষার্থীদের আরও সহজ ও কার্যকর পদ্ধতিতে পাঠদান করতে পারেন।”
তিনি আরও জানান, শিশুদের কোরআন শিক্ষার ভিত্তি সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শুদ্ধ কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলাই তাঁর এই উদ্যোগের প্রধান লক্ষ্য। বইটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য উপকারী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথিরা নতুন কায়দাটির প্রকাশনাকে স্বাগত জানান এবং রচয়িতার উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষায় সহজবোধ্য ও মানসম্মত পাঠ্যসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ কোরআন শিক্ষার প্রসারেও ইতিবাচক অবদান রাখবে।








