Logo

রাতে অবৈধভাবে ঢুকছে গরু, দিনে মিলছে বৈধতার সনদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
জামালপুর
২৬ নভেম্বর, ২০২৬, ১৯:১২
রাতে অবৈধভাবে ঢুকছে গরু, দিনে মিলছে বৈধতার সনদ
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় গরু। রাতের আঁধারে সীমান্ত পার করে আনা এসব গরুকে দিনের বেলায় হাটের রসিদ দেখিয়ে বৈধ হিসেবে চালানোর অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

পরে সেগুলো সরবরাহ করা হচ্ছে বকশীগঞ্জ, শ্রীবরদী ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন গরু ব্যবসায়ী ও কসাইদের কাছে। কিছু গরু বিক্রি হচ্ছে স্থানীয় বাজারেও। এভাবে চোরাচালান অব্যাহত থাকলে দেশি গরুর বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিপাকে পড়তে পারেন স্থানীয় খামারিরা।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, বকশীগঞ্জ এবং এর লাগোয়া শ্রীবরদী সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে চোরাচালানের তৎপরতা বেড়েছে। বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, লাউচাপড়া, টিলাপাড়া, দিগলাকোনা ও সাতানীপাড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদলসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক, গরু ও প্রসাধনসামগ্রী পাচার হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে রাতের বেলায় এসব পণ্য দেশে আনার অভিযোগ রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চোরাই পণ্য উদ্ধার করলেও পাচারকারীদের তৎপরতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। সম্প্রতি বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। মাদকবিরোধী অভিযান চালাচ্ছে জেলা পুলিশও। তবে এসব তৎপরতার মধ্যেই সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের দাবি।

রাত ১০টার পর সক্রিয় হয় পাচারকারীরা

স্থানীয়দের ভাষ্য, রাত ১০টার পর বকশীগঞ্জ ও শ্রীবরদীর সীমান্তঘেঁষা কয়েকটি পাহাড়ি এলাকায় চোরাকারবারিদের আনাগোনা বেড়ে যায়। গারো পাহাড়ের উঁচু-নিচু টিলা ও দুর্গম পথ ব্যবহার করে রাতভর বিভিন্ন কৌশলে বাংলাদেশে আনা হয় ভারতীয় গরু, মাদক ও প্রসাধনসামগ্রী।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি রাতে এই সীমান্তপথ দিয়ে আনুমানিক ২০০ থেকে ২৫০টি গরু অবৈধভাবে দেশে প্রবেশ করানো হয়। পাচারকারী দলের সদস্যরা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় এলাকা নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। রাতভর গরু সীমান্ত পার করার পর দিনের বিভিন্ন সময়ে সেগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

হাটের রসিদেই মিলছে বৈধতার সুযোগ

অনুসন্ধানে জানা গেছে, ভারতের আমবাদি, পুরা কাশিয়া ও গারোবাদি বাজারে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার গরুর হাট বসে। এসব হাট থেকে গরু কেনার পর ভারতীয় পাচারকারীরা সেগুলো সীমান্ত এলাকায় জড়ো করেন। পরে বাংলাদেশি চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করে গরু সীমান্ত পার করানো হয়।

অন্যদিকে, বাংলাদেশ সীমান্তের কর্ণঝোড়া বাজারে প্রতি বুধবার গরুর হাট বসে। অভিযোগ রয়েছে, অবৈধ পথে দেশে আনা ভারতীয় গরু এই হাটের রসিদ ব্যবহার করে বৈধ হিসেবে দেখানো হয়। হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব রসিদ সংগ্রহ করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। এরপর ওই রসিদ দেখিয়ে গরু দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

শুধু বুধবারের হাটেই নয়, প্রতিদিনই লাউচাপড়া, মেঘাদল ও কর্ণঝোড়া বাজারের বিভিন্ন দোকান থেকে পাচারকারীদের রসিদ সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা গরুর উৎস আড়াল করা সহজ হচ্ছে।

সম্প্রতি বকশীগঞ্জ সীমান্তের লাউচাপড়া এলাকা থেকে আটটি ভারতীয় গরু আটক করা হয়েছিল। তবে প্রায় আট ঘণ্টা পর কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে বকশীগঞ্জ থানা থেকে গরুগুলো ছাড়িয়ে নেওয়া হয়। ঘটনাটি উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় সমালোচনার জন্ম দেয়।

দেশি খামারিদের ক্ষতির আশঙ্কা

লাউচাপড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক সচেতন ব্যক্তি বলেন, ভারতীয় গরু বাংলাদেশে আনা বন্ধ হবে না। এর সঙ্গে বড় বড় মানুষ জড়িত। এ ছাড়া ভারতীয় গরু নামার পর ভুয়া রসিদ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে দেশি গরুর খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি বলেন, চিহ্নিত হাট ইজারাদারদের রসিদ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। একই সঙ্গে পাচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তাঁর মতে, গরুর হাটের স্লিপে প্রশাসনের স্বাক্ষর বাধ্যতামূলক করা হলে পাচার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।

তবে কর্ণঝোড়া হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন চোরাকারবারিদের রসিদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, গরুর হাটে কেনাবেচা হয়। কোনো চোরাকারবারিকে রসিদ দেওয়া হয় না।

পাচার রোধে নজরদারি বাড়ানোর কথা বিজিবির

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ বলেন, বিজিবি মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে কাজ করছে। প্রতিদিনই অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে।

তিনি জানান, সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরভাবে দমন করা হবে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও গরু পাচার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD