কোচিং বাণিজ্য বন্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষাব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁস, নকল, দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান উপেক্ষা করে কোচিং সেন্টারে সময় দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও দেশে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নকল কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষায় শিক্ষার্থীদের যথাযথভাবে উত্তর লিখতে হবে এবং শিক্ষকদেরও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করতে হবে।
শ্রেণিকক্ষে না পড়িয়ে কোচিং করালে ব্যবস্থা
কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এ ধরনের শিক্ষকদের চিহ্নিত করতে পর্যবেক্ষণ চলছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের নির্ধারিত দায়িত্ব অনুযায়ী শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়িত্ব পালন না করে বাইরে কোচিং সেন্টারে সময় দেওয়ার সুযোগ নেই। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ক্লাস বাদ দিয়ে মিটিং-মিছিলে অংশ নেওয়া যাবে না
শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়ে সতর্ক করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে মিটিং-মিছিলে অংশ নেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
নির্ধারিত সময়ে শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত না থাকলে শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারবে। একইভাবে কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে শিক্ষকরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠায় শিক্ষক এবং শিক্ষার্থী—উভয় পক্ষকেই দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থী ও ফলাফলের ভিত্তিতে মিলবে নতুন ভবন
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়েও নতুন নীতির কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী রয়েছে এবং তাদের ফলাফল কেমন—এসব বিষয় বিবেচনা করেই ভবন নির্মাণ ও উন্নয়ন প্রকল্প নির্ধারণ করা হবে।
যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেসব প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে শিক্ষার্থী নেই, এমন প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হবে না। একইভাবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খারাপ ফলাফল করবে, তারাও অবকাঠামোগত সুবিধা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বে।
এ সময় এমএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, পরীক্ষায় স্বচ্ছতা, কোচিং নির্ভরতা কমানো এবং ফলাফলের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।








