Logo

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:০০
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
ফাইল ছবি

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের সব পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শতভাগ বই ছাপা, বাঁধাই ও সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বিজ্ঞাপন

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা এক সাক্ষাৎকারে পাঠ্যবই মুদ্রণ, সরবরাহ, গুণগত মান এবং বিতরণের সম্ভাব্য সময়সূচি নিয়ে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এরই মধ্যে প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহের কাজ পুরোপুরি শেষ হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ বইও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

এনসিটিবি চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের ছাপা ও সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য নির্ধারিত ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়েছে।

অন্যদিকে, ইবতেদায়ি স্তরের ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি বইয়ের মধ্যে ৯৪ দশমিক ১২ শতাংশের পিডিআই সম্পন্ন হয়েছে।

মাধ্যমিক পর্যায়ের বইয়ের অগ্রগতির বিষয়ে তিনি জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য নির্ধারিত ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের মধ্যে গত ২৫ নভেম্বর পর্যন্ত ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই শেষ হয়েছে। এ ছাড়া প্রায় ৯২ শতাংশ বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে আরও ৯ হাজার ৪টি ব্রেইল বই।

বই বিতরণের সম্ভাব্য সময়সূচি নিয়ে ফখরুল মাওলা বলেন, ‘আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন সারা দেশে নতুন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

এনসিটিবি চেয়ারম্যানের ভাষ্য, সরকার যেদিন বই বিতরণের সিদ্ধান্ত নেবে, সেদিনই কার্যক্রম শুরু করার মতো প্রস্তুতি সংস্থাটির রয়েছে।

তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

আগের বছরগুলোর বই বিতরণ আয়োজনের ধরন পরিবর্তনের কথাও তুলে ধরেন এনসিটিবি চেয়ারম্যান। তিনি বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো, আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’

নতুন পাঠ্যবইয়ের গুণগত মান প্রসঙ্গে তিনি বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে; যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’

দ্রুততম সময়ে পাঠ্যক্রম পরিমার্জন, বই ছাপানো ও সরবরাহের অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের কথা উল্লেখ করেন ফখরুল মাওলা। পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত পর্যবেক্ষণ ও সহযোগিতার প্রশংসা করেন তিনি।

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে কিছু বিষয়বস্তুর সংযোজনের কথাও জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান। তাঁর তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমিয়ে খেলাধুলায় আগ্রহী করা এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে কারিগরি শিক্ষার বই সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০২৮ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরির কাজও চলছে। এ উদ্দেশ্যে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে এবার আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে এনসিটিবি। তবে বই বিতরণের চূড়ান্ত তারিখ নির্ভর করছে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর।

তথ্য সূত্র : বাসস

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD