এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসায় ১১২৮, কারিগরি বোর্ডে ৩৮৬০ খাতার ফল পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে। দুই বোর্ড মিলিয়ে মোট ৪ হাজার ৯৮৮টি খাতার ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ফল পরিবর্তনের সংখ্যা মাদ্রাসা বোর্ডের তুলনায় তিন গুণেরও বেশি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ৪০ হাজার ৮৩০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ১২৮টি খাতার ফলাফলে পরিবর্তন আনা হয়েছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব খাতার মধ্যে ৩ হাজার ৮৬০টির ফল পরিবর্তিত হয়েছে।
বিজ্ঞাপন
দুই বোর্ডের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের তুলনায় কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৩২টি বেশি খাতার ফল পরিবর্তন হয়েছে। দুই বোর্ডে পরিবর্তিত মোট খাতার প্রায় ৭৭ শতাংশই কারিগরি শিক্ষা বোর্ডের।
আরও পড়ুন
বিজ্ঞাপন
লক্ষণীয় বিষয় হলো, কারিগরি শিক্ষা বোর্ডে আবেদনকারী শিক্ষার্থী এবং পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়া খাতার সংখ্যা মাদ্রাসা বোর্ডের তুলনায় কম ছিল। এরপরও ফল পরিবর্তনের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। কারিগরি বোর্ডে পুনর্নিরীক্ষণের আওতায় আসা খাতার প্রায় ১৪ দশমিক ৪ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে। বিপরীতে মাদ্রাসা বোর্ডে এ হার প্রায় ২ দশমিক ৮ শতাংশ।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের পর গত ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।
বিজ্ঞাপন
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের ভিত্তিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়ে। সব বোর্ড মিলিয়ে মোট ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।








