এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, জানা যাবে যেভাবে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। আগে ফল প্রকাশের সময় সকাল ১১টা নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে তা পরিবর্তন করে বিকেল ৩টা করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একই সময়ে প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এ ছাড়া আবেদন করার সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
বিজ্ঞাপন
যেভাবে জানবেন পুনর্নিরীক্ষণের ফল
শিক্ষার্থীরা মোট তিনটি পদ্ধতিতে নিজেদের পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। ১. নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। ২. কেন্দ্রীয় ওয়েবসাইট: eduboardresults.gov.bd ঠিকানায় প্রবেশ করেও ফল জানা যাবে। ৩. মোবাইলে এসএমএস: পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরে ফলাফল পাঠানো হবে।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পরবর্তী বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
প্রায় ৩ লাখ শিক্ষার্থীর আবেদন, পুনর্নিরীক্ষণে ১০ লাখের বেশি খাতা
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তাঁদের আবেদনের ভিত্তিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্রের।
বিজ্ঞাপন
দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। রাজশাহী শিক্ষা বোর্ড: ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর শিক্ষা বোর্ড: ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা শিক্ষা বোর্ড: ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর শিক্ষা বোর্ড: ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৭১ হাজার ৭৬২টি, বরিশাল শিক্ষা বোর্ড: ৫৩ হাজার ৪০৯টি, সিলেট শিক্ষা বোর্ড: ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ড: ২৬ হাজার ৮০৬টি আবেদন জমা পড়েছে।
এইচএসসি পরীক্ষার মূল ফলাফলে পাসের হার ৫২.১২ শতাংশ
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী।
বিজ্ঞাপন
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সার্বিক পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
মূল ফল প্রকাশের পরদিন, অর্থাৎ ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।
নির্ধারিত সময়ের মধ্যে প্রায় তিন লাখ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বিকেল ৩টায় প্রকাশ করা হবে বহুল প্রতীক্ষিত ফলাফল। পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর নম্বর বা গ্রেড পরিবর্তন হবে, তাঁদের সংশোধিত ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে জানা যাবে।








