Logo

আকস্মিক কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ক্লাসে পেলেন একজন ছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৬ নভেম্বর, ২০২৬, ১৪:৩০
আকস্মিক কলেজ পরিদর্শনে শিক্ষামন্ত্রী, ক্লাসে পেলেন একজন ছাত্রী
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি ক্লাসে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এ সময় শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার কারণও জানতে চান মন্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে বিড়ালদহ কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। একটি ক্লাসে গিয়ে মাত্র একজন ছাত্রীকে উপস্থিত থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেন।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে এক নারী শিক্ষকের কাছে মন্ত্রী জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’

এরপর শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে শিক্ষক বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট। একজন এসেছে।’

একজন ছাত্রীকে নিয়ে ক্লাস পরিচালনার বিষয়ে আরেক শিক্ষক জানান, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’

শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ক্লাস শুরুর সময় জানতে চান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’

জবাবে শিক্ষক জানান, ‘সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আনার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরে ওই শিক্ষক আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে খুব অনীহা। তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’

শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোযোগী হওয়ার নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় নিয়ে অধ্যক্ষের বক্তব্য

বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন। সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী সকাল ১১টা ৩৮ মিনিটে কলেজে পৌঁছান। সেখানে তিনি প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন।

অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, কলেজে প্রবেশ করেই শিক্ষামন্ত্রী সরাসরি চারতলায় চলে যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো যেন নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

কলেজগুলোতে শিক্ষার্থী সংকটের কথা জানালেন কর্মকর্তা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম জানান, শিক্ষামন্ত্রীর মূল কর্মসূচি ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে সেখানে যাওয়ার সময় তিনি বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পান।

তিনি বলেন, শিক্ষার্থী সংকট বর্তমানে বিভিন্ন কলেজের সমস্যা। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেসব বিষয়ে কার্যক্রম বন্ধ করা হচ্ছে। এর আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় বিষয়টি তুলে ধরা হয়েছিল। বিভাগীয় কমিশনারের মাধ্যমে সমস্যাগুলো মন্ত্রণালয়েও জানানো হয়েছে। এসব বিষয় শিক্ষামন্ত্রীকেও অবহিত করা হয়েছে।

শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ

পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD