প্রথম শ্রেণিতেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নায়েল

ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে পঞ্চগড়ের খুদে শিক্ষার্থী আরন তাইয়্যেবাত নায়েল। ইংলিশ অলিম্পিয়াডে কৃতিত্বপূর্ণ সাফল্যের সুবাদে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে প্রথম শ্রেণির এই শিক্ষার্থী।
বিজ্ঞাপন
নায়েল পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকার বাসিন্দা আবু দাউদ নুর ই আলমের ছেলে। সে মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার প্রতি নায়েলের বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় এবং পরিবারের উৎসাহে অল্প বয়সেই ভাষাটিতে দক্ষতা অর্জন করেছে সে। সেই দক্ষতার স্বীকৃতি হিসেবে ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
ছেলের এমন অর্জনে আনন্দ প্রকাশ করে বাবা আবু দাউদ নুর ই আলম বলেন, নায়েলের এ সাফল্যে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও যেন ছেলে একই উদ্যম ও আগ্রহ নিয়ে এগিয়ে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল মুস্তাকিম বলেন, ছোট্ট বয়সেই নায়েল অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। ভাষাটির প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে সে বাংলাদেশের পাশাপাশি পঞ্চগড়ের সুনামও তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নায়েলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়াকে পঞ্চগড়ের জন্য গর্বের অর্জন হিসেবে দেখছে উপজেলা প্রশাসন।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ইংলিশ অলিম্পিয়াডের বিশ্বমঞ্চে নায়েলের অংশগ্রহণের সুযোগ পাওয়া পঞ্চগড়ের জন্য গর্বের বিষয়। তার এ অর্জনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। প্রয়োজনে তার পরিবার সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
খুদে শিক্ষার্থী নায়েলের এই অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। অল্প বয়সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।








