মেসেঞ্জারে অশালীন বার্তা, বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো এবং সরাসরি তাঁর বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে ওই নারীকে মেসেঞ্জারে অশালীন ভাষায় বিভিন্ন বার্তা পাঠিয়ে আসছিলেন শাহাদাৎ হোসেন। তবে ওই নারী কোনো বার্তার জবাব না দেওয়ায় বৃহস্পতিবার সকালে সরাসরি তাঁর বাসায় যান অভিযুক্ত ব্যক্তি। সেখানে গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি মেসেঞ্জারের বার্তার জবাব না দেওয়ার কারণ জানতে চেয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান ভুক্তভোগী নারী। খবর পেয়ে রামগড় থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর ৯৯৯-এ কল পাওয়ার পর অবস্থান শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করা হয়েছে।








